গোয়ালন্দে দুই দিনে দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু
গোয়ালন্দে দুই দিনে দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় দুই দিনে দুই শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকালে পানিতে ডুবে তানভীর নামে ৫ বছর বয়সি এক শিশু মারা যায়। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড তমিজউদ্দিন মৃধাপাড়ার মো. ফারুক মোল্লার ছেলে।

পানিতে ডুবে মৃত্যু

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পাশের সৈদালপাড়া এলাকার মরা পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির মা সুমী খাতুন কয়েক দিন আগে সৈদালপাড়ায় তার নানা মধু মোল্লার বাড়িতে শিশু তানভীরকে নিয়ে বেড়াতে এসে সেখানে অবস্থান করছিলেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে বর্ষা মৌসুম চলছে। বাড়ির আশপাশের খাল ও ডোবায় পানি জমে গেছে। শিশুদের প্রতি পরিবারের বাড়তি নজর দেওয়া প্রয়োজন। তানভীরের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।

সড়ক দুর্ঘটনায় আরেক শিশু নিহত

অপরদিকে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় অজ্ঞাত যানবাহনের চাপায় মো. রুহান মৃধা (৩) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের মো. আব্দুস সাত্তার মৃধার ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু বাড়ির পাশে তোরাপ আলী জামে মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় রুহানকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু চাপা দেওয়া যানবাহনটি শনাক্ত করা যায়নি, তাই পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ