সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল 'জোনাব বাহিনীর' তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১০ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
আটক ডাকাতদের পরিচয়
আটক ডাকাতরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতি ও জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।
অভিযানের বিবরণ
সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী থেকে বিশেষ অভিযান শুরু হয়। শ্যামনগর কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকা থেকে তিন ডাকাতকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রাতে শ্যামনগরের হরিণটানা খাল এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
চলমান অভিযান
বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে কোস্ট গার্ডের নেতৃত্বে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানায় কোস্ট গার্ড।



