নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) সম্পর্কে আপন দুই ভাই। বুধবার (১০ জুন) দুপুরে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
নিহতরা পৌরসভার ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই শিশুর মা ঘুমিয়ে ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির বাইরে খেলাধূলা করছিল। একপর্যায়ে ছোট ভাই ওমর ফারুক বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই আবু বক্করও পানিতে নেমে ডুবে যায়।
উদ্ধার ও হাসপাতালে নেওয়া
পরে ঘুম থেকে উঠে তাদের মা সন্তানদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বক্তব্য
নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অলোক কুমার বাকচী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।



