নেত্রকোনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
নেত্রকোনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নেত্রকোনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে জেলা শহরের মগরা নদীর মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে জয়নগর এলাকায় অবস্থিত এই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভের কাছে আসেন। এরপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে প্রায় এক মিনিট বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিডিও ভাইরাল

আজ বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিন যুবককে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সেখানে বলা হয়, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তারা মোটরসাইকেলে চলে যান। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্মৃতিস্তম্ভের ক্ষতি

আজ সকালে সরেজমিনে দেখা যায়, ধাতব নির্মিত স্মৃতিস্তম্ভটির নিচের কিছু অংশ আগুনে পুড়ে কালো হয়ে গেছে।

পুলিশের বক্তব্য

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, গতকাল দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রেক্ষাপট

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে গাজীপুর, নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন স্থানে গুলিতে নেত্রকোনার ১৭ জন বাসিন্দা শহীদ হন। তাদের স্মরণে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৪ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ