নবাবগঞ্জে পূর্ব শত্রুতায় একই পরিবারের ৩ জন কুপিয়ে জখম
নবাবগঞ্জে পূর্ব শত্রুতায় একই পরিবারের ৩ জন জখম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একদল সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলায় একই পরিবারের তিনজন গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) এ ঘটনায় উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা গ্রামের হাজী মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে মো. রাকিবুজ্জামান (৪৬) বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বকসনগর ইউনিয়নের কোমরগঞ্জ বটতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ও আসামির বিবরণ

আহতরা হলেন- বাদীর ছোট দুই ভাই রাব্বি (২৭) ও রুমেল বাবু (৪০) এবং ভাতিজা ইকবাল (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিরা হলেন- উপজেলার বাহ্রা চরকান্দা গ্রামের মো. সামির (২২), মো. বাবু (৩২), সাব্বির (২৭), ওয়াসিম (২৮), হাসান (২১), সোহেল (৩০), হৃদয় (২০), বোরহান (৪৫), সবুর (৪৭), শান্ত (২২), আরিফ (১৯) ও অজ্ঞাতনামা পরিচয়ে আরও ১৫ থেকে ২০ জন।

ঘটনার বিবরণ

মামলার নথি থেকে জানা যায়, বিবাদীগণের সঙ্গে বাদী ও তার পরিবারের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে আসামিদের সঙ্গে আহতদের বেশ কিছুদিন ধরে কথা কাটাকাটি চলছিল। সোমবার রাতে রাকিবুজ্জামান, তার দুই ভাই রাব্বি ও রুমেল বাবু কোমরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তারা কোমরগঞ্জ বটতলা সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছানো মাত্রই, পূর্বপরিকল্পিতভাবে ওঁতপেতে থাকা আসামিরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলে। এ সময় তাদের চিৎকারে ইকবাল এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে তাকেসহ এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও পুলিশি ব্যবস্থা

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, এ ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে। তাদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।