বিএসএফের পুশইন ব্যর্থ, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় নাকাল
বিএসএফের পুশইন ব্যর্থ, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় নাকাল

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। শনিবার (৬ জুন) বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার বিবরণ

বিজিবি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১১৮-এর কাছাকাছি এলাকায়, শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় ৫ থেকে ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সীমান্তের কাটাতারবিহীন অংশ ব্যবহার করে শুক্রবার জুমার নামাজের সময় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা ছিল। তবে বিজিবির সতর্কতা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

সীমান্ত নিরাপত্তা জোরদার

ঘটনার পর সীমান্ত নিরাপত্তা জোরদারে ৩৯ বিজিবির আওতাধীন সব বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ২৪ ঘণ্টা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী গ্রামগুলোতে জনসচেতনতামূলক সভা ও মাইকিংয়ের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। এ ছাড়া, পুশইনের সঙ্গে জড়িত থাকতে পারে এমন বাংলাদেশি দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির বক্তব্য

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ বা পুশইন রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ