বেলকুচিতে বাসচাপায় বাবা-মায়ের পর মেয়েরও মৃত্যু, নিহত ৪
বেলকুচিতে বাসচাপায় বাবা-মায়ের পর মেয়ের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় বাবা-মায়ের মৃত্যুর পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন তাদের মেয়ে তামান্না খাতুন (১৬)। শুক্রবার (৫ জুন) বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।

দুর্ঘটনার বিবরণ

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও তাদের মেয়ে কলেজ ছাত্রী তামান্না খাতুন (১৬) এবং জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমার এই তথ্য নিশ্চিত করে জানান, মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী ঢাকা এক্সপ্রেস পরিবহণের দ্রুতগামী একটি বাস বিকল হওয়া ভ্যানটিকে চাপা দিলে এর চালক ঘটনাস্থলেই মারা যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতদের অবস্থা

গুরুতর আহত অবস্থায় তিন যাত্রীকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালেই মারা যান বাবা মোতালেব সরকার ও মা ফজিলা খাতুন। এরপর উন্নত চিকিৎসার জন্য মেয়ে তামান্নাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালের দিকে মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ