পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতার দেওয়ার অভিযোগ নাকচ করল বিজিবি
পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতার দেওয়ার অভিযোগ নাকচ

পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতার দেওয়ার অভিযোগ নাকচ করল বিজিবি

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালানোর যে অভিযোগ উঠেছে, তা নাকচ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি বলছে, বরং বিএসএফের যেকোনো ধরনের অবৈধ পুশইন ঠেকাতে টহল জোরদার করে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে প্রায় ৮ থেকে ১০ দিন আগে বিএসএফের বাঁশের বেড়া দেওয়ার চেষ্টার ঘটনা ঘটে। এ খবর পেয়ে বিজিবি সদস্যরা বাধা দিলে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং এ নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমিত হয়। তবে সম্প্রতি আবারও ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের কাছে শূন্যরেখা ঘেঁষে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেছে বলে খবর ছড়িয়ে পড়ে।

বুধবার (৩ জুন) সরেজমিনে এ ধরনের কোনো কার্যক্রমের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ধরঞ্জী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অমল চন্দ্র বলেন, প্রায় ৮ থেকে ১০ দিন আগে বিএসএফ ঘোনাপাড়া সীমান্তে হঠাৎ বাঁশের খুঁটি পুঁতে বেড়া দেওয়ার চেষ্টা করেছিল; কিন্তু তখন বিজিবি সদস্যরা কঠোরভাবে বাধা দেওয়ায় তারা কাজ বন্ধ করে চলে যায়। এরপর থেকে বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। সেই থেকে এলাকায় বিএসএফের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার আনিস আহমেদ বলেন, হাটখোলা ও কয়া বিওপির মধ্যবর্তী প্রায় ৪ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। পুশইন, মাদক পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিটি বিওপিতে বিজিবি সদস্যের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। সকাল সাড়ে ৭টার আগে সীমান্ত এলাকায় কেউ যেন না যায়, সেজন্য মাইকিংয়ের পাশাপাশি মসজিদে মসজিদে প্রচার চালানো হয়েছে। টহল জোরদারের পর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার কোনো ঘটনা ঘটেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জয়পুরহাট বিজিবি সীমান্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা প্রস্তুত।