কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্রতারণার অভিযোগ উঠেছে। স্বামীর স্বীকৃতি ও আশ্রয়ের দাবিতে ওই নারী স্বামীর বাড়িতে এলে তালা ঝুলিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণ
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রাবাইটারী এলাকার বাসিন্দা দুলাল নামের এক যুবক ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানেই বরিশালের বিধবা নারী সাথী আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস আগে ঢাকায় গোপনে বিয়ে করেন তারা। সাথী আক্তার বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের নোলছিড়া এলাকার মৃত নুর ইসলামের স্ত্রী। তিনি একটি বেসরকারি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন।
বর্তমানে সাথী চার মাসের অন্তঃসত্ত্বা। এরই মধ্যে তিনি জানতে পারেন দুলালের আগে থেকেই স্ত্রী ও সন্তান রয়েছে। দুলাল কৌশলে ঢাকা থেকে পালিয়ে বাড়িতে চলে আসেন। পরে সাথী আক্তার মঙ্গলবার সকালে ফুলবাড়ীতে তার স্বামীর বাড়িতে আসেন। দুলাল তাকে দেখতে পেয়ে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।
নারী যা বলেছেন
সাথী আক্তার জানান, স্বামীর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। সারাদিন অপেক্ষা করেও কোনো সমাধান না পেয়ে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।
পুলিশের ভূমিকা
খবর পেয়ে গভীর রাতে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে একই এলাকার আমিনুলের বাড়িতে নিরাপদে রাখার ব্যবস্থা করে। পুলিশ বারবার দুলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
ফুলবাড়ী থানার এসআই ইয়াছিন আলী জানান, দুলালকে বাড়িতে পাওয়া যায়নি। তারা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় আমিনুলের জিম্মায় রেখেছেন। বিষয়টি সমাধান না হলে আইনগত ব্যবস্থা নিতে চাইলে ওই নারীকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করবে পুলিশ।



