কক্সবাজারে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক নিহত
কক্সবাজারে সংঘর্ষে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার পৌরসভার পাহাড়তলীতে পূর্ববিরোধের জেরে বাসিন্দাদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

নিহত যুবকের নাম মোহাম্মদ হৃদয় (২৮)। তিনি জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহত দুজন হলেন কক্সবাজার শহরের ইসলামপুরের বাসিন্দা মো. আসিফ (২৮) ও আশরাফুল ইসলাম (২০)। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের কারণ ও ঘটনাপ্রবাহ

পুলিশ জানায়, এলাকায় দুটি পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। এ বিরোধের জেরে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় মো. হৃদয়সহ তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, কথা–কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহত যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ