যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। সোমবার (১ জুন) গভীর রাতে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্তমানে তারা বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলার খড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করছে।
ঘটনার বিবরণ
বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় সোমবার গভীর রাতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০ জনকে ঠেলে পাঠানো হয়। এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা ঘটনাটি প্রতিহত করে তাদের আটকে দেয়।
বিজিবির বক্তব্য
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
সকাল ১০টার দিকে বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে সীমান্তের এই ঘটনার সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।



