ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
পুকুর থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পুকুর থেকে হোসেন মিয়া (৩৭) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিনদিন পর ঈদুল আজহার দিন বিকেলে কসবা পৌর শহরের টি আলী বাড়ি মোড় এলাকার পুকুর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার বিবরণ

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

পরিবারের শনাক্তকরণ

মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। মুখমণ্ডল দেখে তারা মরদেহটি হোসেন মিয়ার বলে শনাক্ত করেন। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের পরিচয়

নিহত হোসেন মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা এবং পেশায় সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন।

নিখোঁজ হওয়ার ঘটনা

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে কসবা থানাধীন কুটি ইউনিয়নের একটি এলাকা থেকে তিনি নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তার স্ত্রী মোছা. সালমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের বক্তব্য

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘পুকুর থেকে অর্ধগলিত একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ