দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই দুই শিশুর মায়েরা।
দুর্ঘটনার বিবরণ
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের শামসুল হক ও দুলালী বেগম দম্পতির ছেলে মো. আবদুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বারো আরিয়া গ্রামের আল আমিন ও ফরিদা বেগম দম্পতির মেয়ে আরিফা খাতুন (৪)। দুর্ঘটনায় আহত দুলালী বেগম (২৫) ও ফরিদা বেগম (২০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পটভূমি
পুলিশ ও নিহত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, ঈদ করতে বুধবার রাতে মায়েদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয় দুই শিশু। ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস থেকে নেমে তারা সিএনজিচালিত অটোরিকশায় ভাদুরিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায়।
উদ্ধার ও চিকিৎসা
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশি ব্যবস্থা
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।



