বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুর ইসলাম জমাদ্দার (৪৫) ও তার ছেলে ইব্রাহিম জমাদ্দারের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
এর আগে এ ঘটনায় নিখোঁজ আরেক জেলে হারুন বিশ্বাসের (৪৫) লাশ গতকাল মঙ্গলবার সকালে পুরাতন হিজলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। ফলে নৌকাডুবিতে নিখোঁজ তিন জনের লাশই পাওয়া গেলো।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) বিকালে জেলেদের নিষেধাজ্ঞাকালীন সরকারের দেওয়া ভিজিএফের চাল নিয়ে আট জন জেলে একটি ইঞ্জিনচালিত নৌকায় আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। নৌকাটি পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন পাঁচ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নুর ইসলাম জমাদ্দার, তার ছেলে ইব্রাহিম জমাদ্দার ও একই গ্রামের হারুন বিশ্বাস নিখোঁজ হন।
উদ্ধার অভিযান
হিজলা নৌপুলিশ সূত্রে জানা গেছে, নৌকাডুবির পর থেকেই পুলিশ ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। পরে গতকাল সকাল পৌনে ৬টার দিকে পুরাতন হিজলা এলাকা থেকে হারুন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেরা জানান, বুধবার ভোরে মেহেন্দীগঞ্জের ভাসানচর এলাকায় দুটি লাশ ভাসতে দেখে জেলেরা নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। পরে স্বজনেরা লাশ দুটি নুর ইসলাম জমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জমাদ্দারের বলে শনাক্ত করেন।
পুলিশের বক্তব্য
হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ‘আকস্মিক ঝড়ে গত সোমবার নৌকাটি ডুবে তিন জেলে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার আমরা একজনের লাশ পেয়েছি। আজ সকালে নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



