দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
নিহতদের পরিচয়
নিহত ব্যক্তিরা হলেন ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আল আমিন (১৬), মগলিশপুর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে সৈকত হোসেন (১৮) এবং আফসারাবাদ কলোনির সমেশ উদ্দিনের ছেলে আবদুল কাইয়ুম (২০)।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার আফসারাবাদ কলোনি এলাকা থেকে ওই তিন কিশোর–তরুণ মোটরসাইকেলে করে রানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে রানীগঞ্জ বাজারে বড় মসজিদের সামনে মোটরসাইকেলটি গ্রামীণ সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় ঘোড়াঘাট শহর থেকে বিরামপুরমুখী দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিন আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন।
মৃত্যু ও উদ্ধার
ঘটনাস্থলেই আবদুল কাইয়ুমের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ট্রাকচালক আটক
ঘটনার পর ট্রাকচালক সাব্বির হোসেনকে (২৬) তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ। তিনি ঘোড়াঘাটের এস কে বাজার এলাকার সাজিদুল ইসলামের ছেলে।
পুলিশের বক্তব্য
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিহত তিনজনের মাথায় হেলমেট ছিল না। তাঁদের মরদেহ হস্তান্তর ও ট্রাকচালকের বিরুদ্ধে মামলার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



