পঞ্চগড়ে তথ্য সংগ্রহে গিয়ে পুলিশের ওপর হামলা, গুজবের শিকার দুই কর্মকর্তা
পঞ্চগড়ে তথ্য সংগ্রহে গিয়ে পুলিশের ওপর হামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় লোকজনের হামলা ও মারধরের শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। ওই দুজনের কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে-গুজব ছড়িয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পুলিশের। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন-মুর্খাজোত এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তিরা হলেন-তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও তুহিন খান।

ঘটনার বিবরণ

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি মুঠোফোনে বলেন, উল্টে যাওয়া ট্রাক্টর উদ্ধারের সময় কিছু লোক ওই দুই পুলিশ কর্মকর্তার কারণে ট্রাক্টরটি উল্টে গেছে এমন গুজব ছড়ান এবং তাদের ওপর হামলা করা হয়। তারা দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাঁদের শরীরে মারধরের আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া প্রক্রিয়াধীন আছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ভজনপুর ইউনিয়নের সংগঠন-মুর্খাজোত এলাকায় সাদা পোশাকে মোটরসাইকেলে করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য এসএসআই সোহেল রানা ও তুহিন খান তথ্য সংগ্রহ করতে যান। এ সময় ওই গ্রামের সড়ক দিয়ে চালকসহ কয়েকজন একটি ট্রাক্টরের ইঞ্জিন নিয়ে যাচ্ছিলেন। এসময় হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিনটি উল্টে যায় এবং ইঞ্জিনের ওপরে থাকা লোকজন নিচে পড়ে যান। এতে স্থানীয় লোকজনের সঙ্গে ওই দুই পুলিশ কর্মকর্তাও উল্টে যাওয়া ট্রাক্টর উদ্ধার করতে যান। এ সময় পুলিশের কারণে ট্রাক্টরটি উল্টে গেছে বলে গুজব তুলে ওই দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে একদল লোক। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা থেকে পুলিশ সদস্যরা সেখানে যান। পরে আহত দুজনকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ