গফরগাঁওয়ে গাছের সাথে বাঁধা অবস্থায় মাথাবিহীন লাশ উদ্ধার
গফরগাঁওয়ে গাছের সাথে বাঁধা অবস্থায় মাথাবিহীন লাশ উদ্ধার

গফরগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ড: গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মাথাবিহীন মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি গাছের সঙ্গে পেছনে দুই হাত বাঁধা অবস্থায় এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই ঘটনায় নিহতের বুকে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে এবং তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় পায়ের কাছে পড়ে ছিল।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে গ্রামের নির্জন এলাকায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে শুধু প্যান্ট ছিল, গায়ে কোনো পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো জায়গা থেকে তাকে ধরে এনে নির্জন এই স্থানে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে হত্যা করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, এলাকাটি খুবই প্রত্যন্ত। বাইরে থেকে ধরে এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশের সাথে থাকা এনআইডির সূত্র ধরে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে পেরেছে। নিহতের নাম মোঃ কাওসার আলম, বয়স ৪৪, পিতার নাম মোঃ জামেদ আলী, মাতার নাম লাইলী বেগম। সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ