সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘ছোট সুমন বাহিনীর’ প্রধানসহ সাত সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবা উল ইসলামের কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা।
বাহিনীর প্রধান সুমন হাওলাদার
বাহিনীটির প্রধান সুমন হাওলাদারের (৩২) বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায়। এর আগে ২০১৮ সালেও অস্ত্র-গুলিসহ আত্মসমর্পণ করেছিলেন সুমন। সে সময় তার সঙ্গে এবার আত্মসমর্পণ করা সিদ্দিকও আত্মসমর্পণ করেছিলেন। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর সুমনের নেতৃত্বে সিদ্দিকসহ দলটি আবার দস্যুতা শুরু করে।
আত্মসমর্পণকারী অন্যান্য সদস্য
আত্মসমর্পণ করা অন্য সদস্যরা হলেন- রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) ও মাহফুজ মল্লিক (৩৪)। সাতজনের মধ্যে ছয়জন মোংলা থানার এবং একজন রামপাল থানার বাসিন্দা। কোস্টগার্ড জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলে, বাওয়ালি ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।
আত্মসমর্পণের সময় জব্দ অস্ত্র
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ১৭ মে রাত ১১টার দিকে বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় কোস্টগার্ডের কাছে তারা আত্মসমর্পণ করেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫টি কার্তুজ ও তিনটি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
কোস্টগার্ডের বিশেষ অভিযান
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবা উল ইসলাম বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে গত ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ২৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০টি গোলা, ১৭৮টি কার্তুজ, ২৫টি ফাঁকা কার্তুজ, এয়ারগানের ১৮৭টি গুলি ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২১ জন বনদস্যুকে আটক এবং দস্যুদের জিম্মিদশা থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মেসবা উল ইসলাম আরও বলেন, ধারাবাহিক অভিযান, গোয়েন্দা নজরদারি ও কঠোর অবস্থানের কারণে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র প্রধান সুমন হাওলাদারসহ সাত জন কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।



