চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন ও ট্রেন দুর্ঘটনায় একজনসহ মোট তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন, মিরসরাই উপজেলার ছোট কুমিরা এলাকার মো. হাসান (১৫), মো. হারুন (৫৫) এবং ট্রেনে কাটা পড়া নিহত হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বার আউলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকামুখী লেনে মো. হারুনকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একইভাবে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকায় ট্রাক থেকে নামার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী মো. হাসান নিহত হন।
বাড়বকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
সকাল ১১টার দিকে বাড়বকুণ্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক বলেন, পৃথক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি ট্রাক আটক রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, বাড়বকুণ্ড এলাকা থেকে অজ্ঞাত একটি ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



