শেরপুর সদরে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাতশালার হাওরা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে মৃত ঘোষণা
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উৎপল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে দুই জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে।
দুর্ঘটনার বিবরণ
হাসপাতাল ও স্থানীয়রা জানান, সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় বুধবার সন্ধ্যায় অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের চিকিৎসা
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া আরও দুই জন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, ডাম্প ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।



