চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে দুই থাই নাবিকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ‘এমভি কেপিপি–০১’ জাহাজে এ ঘটনা ঘটে। নিহত থাইল্যান্ডের নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন।
ঘটনার বিবরণ
বন্দর সূত্র জানায়, সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ভাঙার জন্য আনা জাহাজটিতে দায়িত্ব পালনের সময় থাইল্যান্ডের দুই নাবিকের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রান্নার কাজে ব্যবহৃত ছুরির আঘাতে গুরুতর আহত হন রাফিফং ক্লাহান।
হাসপাতালে মৃত্যু
পরে জাহাজটির স্থানীয় এজেন্ট তাঁকে জাহাজ থেকে নামিয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আটক ও আইনি ব্যবস্থা
এ ঘটনায় পতেঙ্গা ও আনোয়ারা থানা–পুলিশের সমন্বয়ে অভিযুক্ত তুরাকর্ণ বুরুসিকে জাহাজ থেকে আটক করে আনোয়ারা থানায় নেওয়া হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী বলেন, থাইল্যান্ডের এক নাবিকের মৃত্যুর তথ্য তাঁরা পেয়েছেন। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



