পঞ্চগড়ে বালুবোঝাই ট্রাকচাপায় শিশু নিহত
পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় পাপড়ী রানী রায় (৬) নামের একটি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা-পাঁচকল এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত শিশুর পরিচয়
নিহত পাপড়ী দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা-পাঁচকল এলাকার সেবেন্দ্র নাথ রায়ের মেয়ে। সে সোনাপোতা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্রী ছিল।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সোনাপোতা-পাঁচকল এলাকায় শুকাতে দেওয়া ভুট্টা জড়ানোর কাজ করছিলেন সেবেন্দ্র নাথ রায়। এ সময় তাঁকে খুঁজতে মেয়ে পাপড়ী সড়ক পার হয়ে সেখানে যাচ্ছিল। তখন বোদা থেকে দেবীগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। ট্রাক রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে এবং ট্রাকে দেওয়া আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের বক্তব্য
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আগুন নিভিয়ে ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
তেঁতুলিয়ায় ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত
অপরদিকে তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরচাপায় আনোয়ার হোসেন (২১) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর শ্রমিক আনোয়ার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ঝিপাড়া এলাকার ইব্রাহীম আলীর ছেলে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।



