সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিজিবি।
অভিযানের বিবরণ
বিজিবি জানায়, রোববার সিলেটের সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, নোয়াকোট, বিছনাকান্দি এবং পান্থুমাই বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা, সিটি গোল্ড চেইন, ফেস পাউডার, চিংড়ির রেনু, চিনি এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি চানাচুর আটক করা হয়।
জব্দ মালামালের মূল্য
জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯শ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি অধিনায়কের বক্তব্য
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়।



