সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতির হুমকির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) গভীর রাতে সরেজমিন পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
ডাকাতির ধারাবাহিকতা ও চিঠি
জানা গেছে, গত কয়েক দিন ধরে টেকুয়াপাড়া গ্রামে চেতনানাশক স্প্রে করে ধারাবাহিক ডাকাতির পর ‘রঘু ডাকাত’ পরিচয়ে গত ৪-৫ দিনে অন্তত ১৫টি বাড়িতে চিঠি পাঠানো হয়। এর মধ্যে স্থানীয় আবু সাঈদের বাড়িতে পাঠানো চিঠিতে রক্তের দাগ পাওয়া যায়।
চিঠিতে বলা হয়, “কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব, তাই দরজা খোলা রাখবেন। না খুলে রাখলে জিন্দা খালাস...? ইতি রঘু ডাকাত।”
স্থানীয়দের উদ্বেগ
স্থানীয়রা জানান, ইতোমধ্যে কয়েকটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে লকার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি একাধিক বাড়িতে গ্রিল কেটে মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে গবাদিপশু নিয়ে বেশি উদ্বেগে রয়েছেন খামারিরা। অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন।
পুলিশের পদক্ষেপ
পুলিশ সুপার বলেন, পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া একাধিক পুলিশ টিম মাঠে কাজ করছে। গ্রামবাসীর নিরাপত্তায় লাঠি, টর্চলাইট ও বাঁশি সরবরাহ করা হবে। পুলিশ ও গ্রামবাসী সমন্বিতভাবে গ্রামকে নিরাপদ রাখতে কাজ করবে। দুস্কৃতকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।



