সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের জিম্মিতে থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়। রোববার (১৭ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা কারা
আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার মো. রবিউল শেখ (৩০) এবং মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)। কোস্ট গার্ড জানায়, রাজন শরীফ করিম-শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলাও রয়েছে।
অভিযানের বিবরণ
কোস্ট গার্ড জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রোববার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। পরে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক ও ২৪ রাউন্ড তাজা কার্তুজসহ করিম-শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়। একই সময় তাদের জিম্মিতে থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



