নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদ এবং রূপগঞ্জ থেকে এক নারী ও দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রূপগঞ্জ উপজেলার বড়ালু ও কর্ণগোপ দেবই এলাকা এবং বন্দরের নলি সাধুর আশ্রম ঘাট থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জে লাশ উদ্ধার
রূপগঞ্জে মৃত পুরুষের নাম নুর মোহাম্মদ। তিনি বড়ালু এলাকার আব্দুর রহমানের ছেলে এবং পেশায় রিকশাচালক। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, শুক্রবার দুপুরে বড়ালু এলাকার একটি ঝোপের পাশের ডোবায় নুর মোহাম্মদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন।
তিনি জানান, একই দিন দেবই পাকা রাস্তার পাশে একটি অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তকরণ ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।
বন্দরে যুবকের লাশ
এদিকে, নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় নলি সাধু আশ্রমের সামনে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজন ব্যক্তি ও নৌকার মাঝির সহায়তায় লাশটি নদীর কিনারায় নিয়ে আসে।
পরে কামতাল ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। পরবর্তীতে লাশটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কামতাল ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি ৮ থেকে ১০ দিন আগের। লাশটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।



