জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজান বলেছেন, নাগরিক দায়িত্ববোধের অবক্ষয়ের কারণে রাষ্ট্র উন্নত হচ্ছে না। তিনি বলেন, ওসি, ইউএনওদের কাছ থেকে আমরা ভালো সেবা চাই, রাজনীতিবিদদের কাছ থেকেও সেবা চাই। কিন্তু নাগরিক হিসেবে আমাদের যে কর্তব্য আছে, সেটা আমরা পালন করি না। সবাই যদি লাভের হিসাব করে, তাহলে রাষ্ট্র উন্নত হবে কীভাবে?
আলোচনা সভায় হুইপের বক্তব্য
শনিবার (৪ জুলাই) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সূচনাটাই অন্যায়ের মধ্য দিয়ে—সুদ, ঘুস ও দুর্নীতির মাধ্যমে। এ ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরাও জড়িত।
অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা অন্যায়ের কথা মুখে বলতেও পারি না। আমাদের সবকিছু এভাবেই হারিয়ে যাচ্ছে। অতীতের হারানো ঐতিহ্য আমাদের পুনরুদ্ধার করতে হবে।
স্বাস্থ্যখাতের সংস্কার প্রসঙ্গে
স্বাস্থ্যখাতের সংস্কার প্রসঙ্গে হুইপ আশরাফ উদ্দীন নিজান বলেন, রোগ হওয়ার চেয়ে রোগ যেন না হয়, সে ব্যবস্থা করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট বক্তব্যে বলেছেন, ন্যাশনাল হেলথ সেন্টার চালু করা হবে। রোগ যেন না হয়, সেদিকে আমাদের আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিতির তালিকা
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি থানার ওসি লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



