এনসিপির দুই নেতা-নেত্রীর বিরুদ্ধে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ
এনসিপির দুই নেতা-নেত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

এনসিপির দুই নেতা-নেত্রীর বিরুদ্ধে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা-নেত্রীর বিরুদ্ধে রাজনৈতিক পদ-পদবি ও অন্যান্য সুবিধার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন।

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তরুণী এ অভিযোগ করেন। তিনি নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী, এনসিপির কর্মী এবং চট্টগ্রাম মহানগর নারীশক্তির পদপ্রত্যাশী হিসেবে পরিচয় দেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নারীশক্তির কমিটি নিয়ে সাংগঠনিক আলোচনার কথা বলে এনসিপির মহানগর নেত্রী সাদিয়া আফরিন তাকে গত ১৪ জুন নগরীর পেনিনসুলা হোটেলে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, বৈঠকের স্থান হিসেবে নির্ধারিত জায়গাটি হোটেলের রুফটপ বার। সেখানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনসহ আরও কয়েকজন। ওই পরিবেশে তাকে ধূমপান ও পানীয় গ্রহণে উৎসাহিত করা হয় এবং কাছাকাছি বসার কথা বলা হয়। পরবর্তীতে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওই তরুণীর ভাষ্য, তিনি অস্বস্তি প্রকাশ করলে সাদিয়া আফরিন তাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে সাদিয়া স্থান ত্যাগ করলে সুজা উদ্দিন তার প্রতি আপত্তিকর আচরণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। সেখানে রাজনৈতিক পদ-পদবি ও অন্যান্য সুবিধার প্রলোভন দেখিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে ভয়ভীতি প্রদর্শনও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে বিষয়টি নিয়ে ওই তরুণী সাদিয়া আফরিনের সঙ্গে কথা বললে তিনি তাকে বলেন, রাজনীতিতে এগিয়ে যেতে হলে প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত সময় দিতে হয়। এ ঘটনায় গত বুধবার চকবাজার থানায় আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও সাদিয়া আফরিনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তরুণী।

এদিকে আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও সাদিয়া আফরিনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছে এনসিপির চট্টগ্রাম মহানগর। শুক্রবার রাতে কমিটির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এটি এনসিপির নেতা-নেত্রীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ঘটনার ইন্ধনদাতা হিসেবে কাজ করছেন হুজ্জাতুল ইসলাম সাঈদ নামে এক ব্যক্তি।