অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই আসনের ভোটাররা পুনরায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলন
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
ঋণখেলাপির কারণে প্রার্থিতা বাতিল
এর আগে, ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এ রায় দেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও আইনি লড়াই
সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এলে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। তবে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।
আপিল বিভাগের পূর্ববর্তী আদেশ
জামায়াত প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, যদি আসলাম চৌধুরী নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।



