গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, নিরাপত্তা উদ্বেগে বাদ
গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি থেকে গোপালগঞ্জ সফর বাদ দিয়েছে। আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবসে’ গোপালগঞ্জে দোয়া ও মোনাজাত করবেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা, তবে কেন্দ্রীয় নেতারা সেখানে যাচ্ছেন না। নিরাপত্তাসংক্রান্ত কিছু বিষয়কে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে দলটি।

জুলাই পদযাত্রা ২০২৬ ঘোষণা

শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ আগামীকাল সোমবার থেকে শুরু হবে এবং মাসব্যাপী চলবে। প্রথম ধাপে ১০০ উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে, যার মধ্যে গোপালগঞ্জের একটি পৌরসভাও রয়েছে। সারজিস আলম বলেন, ‘জুলাই পদযাত্রায় আমরা ৬৪ জেলাতেই যাচ্ছি, ৬৪ জেলার সেই ১০০ উপজেলা-পৌরসভায় যাচ্ছি।’

গোপালগঞ্জ কর্মসূচি বাদ

সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের দেওয়া প্রাথমিক সূচিতে ১৬ জুলাই গোপালগঞ্জে পদযাত্রার কথা উল্লেখ ছিল। তবে ফেসবুকে আলোচনা শুরু হলে ঘণ্টাখানেকের মধ্যে সংশোধিত তালিকা গণমাধ্যমে পাঠায় এনসিপি, যেখানে গোপালগঞ্জের কর্মসূচি বাদ দেওয়া হয়। এনসিপি আনুষ্ঠানিকভাবে এর কারণ স্পষ্ট করেনি। সারজিস আলম আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারা ব্যস্ত থাকবেন। এ ছাড়া গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সেই একই তারিখে গোপালগঞ্জের কর্মসূচিটি পড়ে গিয়েছিল। সেখানে নিরাপত্তাসংক্রান্ত কিছু বিষয় আছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত বছরের সহিংসতা

২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে যাওয়ার আগে দলের কিছু নেতা ফেসবুকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ প্রচার চালান। ওই দিন ব্যাপক উত্তেজনা ও সহিংসতায় চারজন নিহত হন। সহিংস পরিস্থিতিতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি হয়। এনসিপির জ্যেষ্ঠ নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কয়েকজনকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সহায়তায় সাঁজোয়া যানে করে সরিয়ে নেওয়া হয়।

ভিন্ন আঙ্গিকে কর্মসূচি

জুলাই পদযাত্রার পরিবর্তে গোপালগঞ্জে ভিন্ন আঙ্গিকে কর্মসূচি পালন করা হবে জানিয়ে সারজিস আলম বলেন, ‘গোপালগঞ্জে পদযাত্রার পরিবর্তে আমাদের স্থানীয় নেতা-কর্মীরা সাংগঠনিক আলোচনা ও দোয়া-মোনাজাত করবেন। ১৬ জুলাই জুলাই শহীদ দিবসে এই কর্মসূচি হবে। এই কর্মসূচিতে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাদের কেউ যাচ্ছেন না।’

সেপ্টেম্বরে গোপালগঞ্জে যেতে পারে এনসিপি

চলতি মাসে গোপালগঞ্জে না গেলেও আগামী সেপ্টেম্বরে সেখানে যেতে পারে এনসিপি। দলের রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার প্রথম আলোকে বলেন, ‘এনসিপি ইতিমধ্যে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে। শিগগিরই অন্যগুলোতেও প্রার্থী দেওয়া হবে। যেসব জায়গায় প্রার্থী থাকবে, স্থানীয় সরকার নির্বাচনের প্রচারের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে আমরা সেখানে যাব। তখন গোপালগঞ্জেও যাওয়া হবে।’ রাজনৈতিক পর্ষদের আরেক সদস্য আলী আহসান জুনায়েদও জানিয়েছেন, এনসিপি শিগগিরই গোপালগঞ্জে যাবে, তবে নির্দিষ্ট সময়সীমা বলেননি।