গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২৭ জুন ময়মনসিংহে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। এ সমাবেশ সফল করতে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহে বিভাগীয় ১১ দলীয় ঐক্য।
সমাবেশের স্থান ও সময়
আগামী ২৭ জুন দুপুর ২টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন থেকে দলগুলোর নেতাকর্মীরা সবার প্রতি এই সমাবেশ সফল করতে আহ্বান জানান।
নেতাদের বক্তব্য
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী জেলা আমির ও ১১ দলীয় সমন্বয়ক আব্দুল করিম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহণ সমস্যা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। জনগণ এ অবস্থার পরিবর্তন ও স্বস্তি চায়। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং দেশে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।
উপস্থিত নেতারা
এ সময় জামায়াতে মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, জেলা সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ, মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, মহানগর সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন, মহানগর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, জাতীয় নাগরিক পার্টির মহানগর সেক্রেটারি ইকরাম এলাহী খান সাজ, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা নেতা মুফতি কাজী মোস্তাক আহমেদ, মাওলানা আব্দুল হামিদ নাহিদসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।



