গুলিবিদ্ধ স্কুলছাত্রকে দেখতে ঢামেকে এমপি মনিরুল
গুলিবিদ্ধ স্কুলছাত্রকে দেখতে ঢামেকে এমপি মনিরুল

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২৮ জুন) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন প্রেমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

চিকিৎসা ও আর্থিক সহায়তা

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হাসপাতালের রেজিস্ট্রার ডা. শামিম আহমেদ, নিউরোলজি বিভাগের প্রধান ডা. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা। এমপি মনিরুল হক চৌধুরী প্রেমের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার ব্যবস্থা করেন। পাশাপাশি সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি প্রেমের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনিরুল হক চৌধুরী বলেন, 'মাদক শুধু কুমিল্লার নয়; এটি আজ সারা দেশের একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক কারবারিদের গুলিতে একজন স্কুলছাত্র মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা যতই প্রভাবশালী হোক, তাদের নির্মূল করতে হবে।' তিনি জানান, এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠকে দ্রুত মাদকের আখড়া উচ্ছেদ এবং মাদককারবারিদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম

তিনি বলেন, সম্প্রতি সদর দক্ষিণের লালমতিতে মাদককারবারি মিলনকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। কাটাবিল এলাকাতেও অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।