জাতীয় সংসদে বাংলা ও ইংরেজির মিশ্রণে বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবস্থান নিয়েছেন জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ।
মারদিয়া মমতাজের ফেসবুক পোস্ট
বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘একজন বক্তার বক্তব্যের বিষয়ের সাথে আপনার দ্বিমত থাকতে পারে। সে নিয়ে আলাপ করুন। তার পোশাক বা ভাষা নিয়ে কথা বলা একে অপ্রয়োজনীয়, উপরন্তু এতে আপনার নিজের বুঝবুদ্ধি রুচিই প্রকাশ পায়।’
তিনি আরও লেখেন, ‘এমপি জেবা আমিনা খান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার ভাষায় বাংলা ইংলিশ মিশবে, এটা স্বাভাবিক। তিনি যে বিষয় নিয়ে আলাপ করেছেন, তার বিষ্ময় যে বিষয়ে সেটা সত্যিই দুঃখজনক বিষয়। শয়ে শয়ে কিলোমিটার কাঁচা রাস্তা, এসব জায়গায় শুধু সাধারণ মানুষের কষ্ট হয় তা না। সরকারি সেবাও সেখানে পৌঁছুতে দেরি হয়।’
পোস্টের শেষাংশে মারদিয়া মমতাজ লেখেন, ‘যে পুরুষেরা এমনকি নারীরাও, এভাবে জনসমক্ষে অন্য নারীর পোশাক, কথা নিয়ে কটাক্ষ করেন, তাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমার মায়া হয়।’



