ফেসবুকে কাঁদা সেই ছাত্রদল কর্মী পেলেন পদ, বর্ধিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক
ফেসবুকে কাঁদা সেই ছাত্রদল কর্মী পেলেন পদ

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে জায়গা পেয়েছেন ফেসবুক লাইভে এসে কান্না করা সেই ছাত্রদল নেতা আহসান উল্লাহ নয়ন।

নয়ন ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালি ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১৯ জুন) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটিতে ত্যাগী কর্মী আহসান উল্লাহ নয়ন পদবঞ্চিত হওয়ায় ক্ষোভে ফুসে ওঠেন। এরপর ওই রাতেই ফেসবুক লাইভে এসে কান্না করে বিভিন্ন অভিযোগ করেন সংগঠনের ত্যাগী কর্মী আহসান উল্লাহ নয়ন।

নবগঠিত বর্ধিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ নয়ন বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। একবার হোঁচট খেয়ে দ্বিতীয়বার উঠে দাঁড়ানো শিখিয়েছেন আমার পিতৃতুল্য অভিভাবক ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার। তিনি বলেছিলেন— রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। আজ তাই সত্যি হলো। আজকে আমি দেশনায়ক তারেক রহমান ও আমার অভিভাবক ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসক রোকনুজ্জামান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, “আগের কমিটি ঘোষণা করার পর বঞ্চিত হওয়া কর্মীদের তালিকা করে ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটির আবেদন করেছিলাম। ওই বর্ধিত কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছি।”