সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
আহতদের তথ্য ও হাসপাতালে প্রেরণ
এ ঘটনায় অন্তত তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, ‘সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় বোমা হামলায় দুজন আহত হয়েছেন। তাদের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।’
প্রতিবাদী মিছিল ও নেতাদের উপস্থিতি
এ ঘটনায় তাৎক্ষণিক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা আহত হননি।’
জুলাই পদযাত্রার পটভূমি
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে ‘জুলাই পদযাত্রা’। সোমবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। সেখানে অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাভারে আসেন। পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান প্রমুখ।



