চীনা যুবক লি বিং (৪১) প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের যশোরে এসে তন্দ্রা খাতুনকে (২৯) বিয়ে করেছেন। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নিয়েছেন মোহাম্মদ তাওহিদ। এই আন্তর্জাতিক প্রেমের ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
আট মাস আগে অ্যাপে পরিচয়
তন্দ্রা খাতুন জানান, প্রায় আট মাস আগে ‘হ্যালোটক’ অ্যাপের মাধ্যমে লি বিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে ‘উইচ্যাট’-এ নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেয় এই প্রেমিক জুটি।
তন্দ্রা বলেন, “তার টানেই চীন থেকে বাংলাদেশে এসেছে লি বিং। গত ১৮ জুন বাংলাদেশে আসে। পরদিন সন্ধ্যায় যশোর জজ কোর্টে ইসলামী রীতি অনুযায়ী আমাদের বিয়ে হয়। বিয়ের আগে সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে, তার বর্তমান নাম মোহাম্মদ তাওহিদ। আগে সে কোনো ধর্ম পালন করত না।”
চীনা জামাইকে দেখতে ভিড়
বিয়ের খবর ছড়িয়ে পড়লে চাইনিজ জামাইকে এক নজর দেখতে তন্দ্রাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের কৌতূহলী মানুষ। তন্দ্রা যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের মন্টু মোল্লার মেয়ে এবং তিনি সদর উপজেলার তথ্যকেন্দ্রে কাজ করতেন।
লি বিং চীনের রাজধানী বেইজিংয়ের উত্তরের বাসিন্দা। তিনি একটি স্মার্ট লক উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাকরি করেন এবং দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়।
বাংলাদেশে এসে অনুভূতি
বাংলাদেশে এসে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাম্মদ তাওহিদ (লি বিং) বলেন, “আমার স্ত্রী খুব ভালো। স্ত্রীর পরিবার ও আত্মীয়-স্বজন খুবই আন্তরিক। আমি বাংলাদেশকে খুব পছন্দ করছি।”
তন্দ্রার মা শিউলি বেগম বলেন, “মোবাইল ফোনে তাদের পরিচয় হয়েছিল। ছেলেটি আমার মেয়েকে বিয়ে করার জন্য চীন থেকে বাংলাদেশে এসেছে। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা খুশি মনেই মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছি।”
ভবিষ্যৎ পরিকল্পনা
বিভিন্ন সময় বাইরের দেশ থেকে বিশেষ করে চীন থেকে অনেকেই বাংলাদেশে এসে বিয়ে করছেন, আবার কেউ কেউ প্রতারণার শিকারও হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তন্দ্রা খাতুন যুগান্তরকে বলেন, “মোহাম্মদ তাওহিদকে (লি বিং) আমি তেমন মনে করছি না। ভিসা প্রসেসিংয়ের কাজ চলছে। ভিসা হলেই সে আমাকে চীনে নিয়ে যাবে।” বিয়ের পর দুই দিন হোটেলে ছিলেন তারা; বর্তমানে লি বিং তন্দ্রাদের বাড়িতে অবস্থান করছেন।



