চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভাঙার অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভাঙার অভিযোগ

পাবনার বেড়ায় চাঁদা না পেয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে সাঁথিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রিপন সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৪ জুন) বেড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আহত ব্যবসায়ী ও অভিযুক্ত পরিচয়

আহত ব্যবসায়ী মিজানুর রহমান বেড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনজেল খানের ছেলে। তার হোটেল ও গাড়ির ব্যবসা রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাতে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন দুপুরে বেড়া সিঅ্যান্ডবি এলাকা থেকে তাকে তুলে নিয়ে মারধর করা হয়।

অভিযুক্ত রিপন সরদার (৩৫) সাঁথিয়া উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের পাশা সরদারের ছেলে। তিনি সাঁথিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌরসভার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেট নির্মাণ করছেন দুই ভাই গোলাম মোস্তফা ও মিজানুর রহমান। গত ১৯ জুন শ্রমিক দল নেতা রিপন তার লোকজন নিয়ে এসে দুই ভাইয়ের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। দুই-তিন দিনের মধ্যে চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে যান।

চাঁদা না দেওয়ায় মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রিপন সরদারসহ কয়েকজন মোটরসাইকেলযোগে এসে মিজানুর রহমানকে তুলে পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার করমজা বাজার বণিক সমিতির সভাপতি মহরম সরদারের অফিসে নিয়ে যান। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার এক হাত ও পা ভেঙে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও পাইপ দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে বেড়া ও পরে রাতে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও পূর্ব ইতিহাস

এ ঘটনায় আহত মিজানুর রহমানের ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে রিপনসহ তার সহযোগীদের আসামি করে বেড়া থানায় মামলা দায়ের করেছেন। মিজানুরের পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর অভিযুক্ত রিপন সরদার, করমজা বাজার বণিক সমিতির সভাপতি মহরমসহ কয়েকজন তাদের পরিবারের কাছে চাঁদা দাবি করেছিলেন। সেই সময় সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হলে অভিযুক্তদের কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর বর্তাবে বলে উল্লেখ করা হয়েছিল। এরপর দীর্ঘদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্প্রতি তারা আবারও চাঁদা দাবি শুরু করে।

অভিযুক্তের বক্তব্য

অভিযুক্ত সাঁথিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রিপন সরদার বলেন, 'ওরা আমাকে আগে সেনাবাহিনীর কাছে নিয়ে অভিযোগ করেন; কিন্তু সেনাবাহিনী সেই অভিযোগের কোনো সত্যতা পায়নি। ওরা এখনো আওয়ামী লীগ আমলের মতো ভাব নিয়ে চলে। আমার লোকজন দুই-একটা বাড়ি দিয়েছে।'

পুলিশের বক্তব্য

বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার বলেন, 'এ ঘটনায় বুধবার মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ হলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'