সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তার এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর হওয়া নির্যাতনের বিচার দাবি করেছেন। তাঁর আশঙ্কা, এ ঘটনার বিচার না হলে পরবর্তী সময়ে এমন ঘটনা আরও ঘটতে পারে।
বাজেট আলোচনায় বিচার দাবি
আজ বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান সংরক্ষিত নারী আসনের সদস্য শাম্মী আক্তার। এই সদস্য বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময়ে বলেছেন, এখনো এক্স-রে করলে দেখা যাবে প্রধানমন্ত্রীর মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে।
শাম্মী আক্তার বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। এটি ইতিবাচক। শাম্মী আক্তার বলেন, ‘কিন্তু প্রতিশোধ না নেওয়া মানে বিচারহীনতা নয়। আমরা চাই, এক সরকারের সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ওপর যে নির্যাতন সংঘটিত হয়েছে, এ ঘটনার মুখোশ উন্মোচন করা হোক এবং এ ঘটনার আমি বিচার দাবি করছি।’
বাজেটের প্রশংসা
নিজের বক্তব্যে প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে শাম্মী আক্তার বলেন, প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনকল্যাণের একটি কাঠামো।



