সিরাজগঞ্জে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১
সিরাজগঞ্জে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে আব্দুস সোবাহান (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১০ মে) গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে হামলাকারীরা আব্দুস সোবাহানকে কুপিয়ে জখম করে। এ সময় তার স্ত্রী শেফালী খাতুন বাধা দিতে গেলে তিনিও গুরুতর আহত হন। ঘটনার পর গ্রামবাসী রক্তমাখা কাপড়সহ হায়দুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহতের পরিচয়

নিহত আব্দুস সোবাহান দত্তপাড়া এলংজানি দুগ্ধ উৎপাদন সমিতির সাবেক ম্যানেজার এবং গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিরোধের ইতিহাস

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি মসজিদের পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুস সোবাহানের সঙ্গে বাবলু, মোতালেব, সাইফুল ও হায়দুল গংয়ের বিরোধ চলছিল। প্রায় তিন বছর আগে ওই পুকুরকে কেন্দ্র করে সংঘর্ষে সোবাহানের ছেলে সেলিম আহম্মেদ নিহত হন। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে সিরাজগঞ্জ আদালতে সাক্ষ্যগ্রহণের অপেক্ষায় রয়েছে।

নিহতের মেয়ের অভিযোগ

নিহতের মেয়ে সাবিনা খাতুন অভিযোগ করে বলেন, মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তার বাবাকে হুমকি দেওয়া হচ্ছিল। তার দাবি, সাক্ষ্যগ্রহণের আগেই পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন ঘরে সিঁধ কেটে ঢুকে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

স্থানীয়দের ধারণা

লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাবেক সদস্য আবুল হোসেন বলেন, মসজিদের পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আটক হায়দুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।