জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মার্কিন চুক্তি প্রসঙ্গে বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে শুধু একটি নয়, বহু অসম চুক্তি রয়েছে। আমরা সবগুলো চুক্তিকে বাস্তবতার নিরিখে পর্যালোচনার পক্ষে।’ শনিবার (৯ মে) জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে শফিকুর রহমান বলেন, ‘আমি বাস্তব দেখে পদক্ষেপ নেওয়ার মানুষ। এখানে (বিমানবন্দরে) নেমেই নিয়ত করেছি, পাইকারি ও খুচরা বাজারে যাবো। সম্ভব হলে আজই যাবো, না হলে আগামীকাল যাবো।’
তিনি আরও বলেন, ‘যেখান থেকে মালামাল আসে… তা যদি দুইশ’ মাইল দূরেও হয়, সেখানেও যাবো। উৎপাদনস্থলে দাম কত, এখানে আসার পর পাইকারি বাজারে কী, তারপর খুচরা বাজারে কী—এই তিনটি বিষয় যাচাই করে আমরা ভূমিকা নেবো। আমরা চুপ থাকবো না।’
জাপানের বার্তা
জামায়াতের আমির বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশকে নিয়ে জাপান অনেক চিন্তা করে। তারা বলেছে, “বর্তমান সংসদ অতীতের গতানুগতিক সংসদ থেকে কিছুটা ব্যতিক্রম। তোমরা একদিকে প্রতিবাদ করছো, অন্যদিকে সহযোগিতাও করছো। এভাবে যদি তোমরা দেশকে ভালোবাসো, তাহলে আমরাও তোমাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবো।” আমাদের দেশ ও জনগণের জন্য এই বক্তব্য অত্যন্ত মজবুত একটি বার্তা।’



