২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে হতাহতের ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।
বিবৃতিতে যা বলেন বিরোধী দলীয় নেতা
মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে জামায়াত আমির বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে হবে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘটনাকে বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায় উল্লেখ
তিনি বলেন, দেশের ইতিহাসে এটি একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। সেদিন ধর্মপ্রাণ মানুষের ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই ঘটনা ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী একটি জঘন্যতম ঘটনা।
বিচারহীনতার সংস্কৃতি প্রসঙ্গে
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনও সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কোনও সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না।
শান্তিপূর্ণ সমাবেশের অধিকার
বিরোধীদলীয় নেতা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকারকে দমন করতে শক্তি প্রয়োগ এবং প্রাণহানির ঘটনা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।



