ভোটের ব্যবধান ৫ হাজার ছাড়াতেই আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি কলকাতা পানিহাটির আরজি কর হাসপাতালে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া নারী চিকিৎসক ডা. মৌমিতা দেবনাথের মা রত্না দেবনাথ। চোখের চশমাটি ঠিক করে নিয়ে তিনি বলেন, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের ভোট। বাংলার নির্যাতিত নারীদের পক্ষেই এই রায়।
জয়ের সুবাস পাচ্ছিলেন রত্না
পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে যখন চলছিল কামারহাটি, খড়দহ, পানিহাটি, বারানগর, দমদম এবং দমদম উত্তরের ভোটগণনা, তখন এই কেন্দ্রের দীর্ঘ করিডোরে বসে জয়ের সুবাস পাচ্ছিলেন রত্না দেবনাথ।
রাজনীতিতে আসার কথা কখনোই ভাবেননি রত্না। তিনি জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তাঁকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। রত্নার ভাষায়, প্রথমবার কোনও প্রধানমন্ত্রী পানিহাটিতে নির্বাচনী প্রচারে এসেছিলেন। সেটি ছিল আমার মেয়ের জন্য।
স্থির থাকা রত্না
ভোটকেন্দ্রের দৃশ্যপটে যখন জয়ের ব্যবধান বাড়ছে, তখন নিজের আসনে অবিচল ছিলেন রত্না। প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের তীর্থঙ্কর ঘোষ এবং সিপিএমের কালতান দাশগুপ্তকে বারবার নিজেদের ব্যবধান যাচাই করতে দেখা গেলেও রত্না ছিলেন স্থির।
তৃণমূলের বিদায়ী বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলে তথা এবারের প্রার্থী তীর্থঙ্করের নাম না নিলেও রত্নার ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি বলেন, এই রায় পানিহাটির মানুষকে ঘোষ পরিবারের হুমকির সংস্কৃতি থেকে মুক্তি দেবে। সারা দেশ আমার এই লড়াই দেখছে। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমি আশা করি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব।
ভবিষ্যৎ পরিকল্পনা
পানিহাটির প্রতিনিধি হিসেবে পরবর্তী পদক্ষেপ কী হবে, এমন প্রশ্নে রত্না দেবনাথ বলেন, আমি কর্মীদের হিংসায় জড়াতে বারণ করব। আমার লক্ষ্য সবার জন্য ন্যায়বিচার। আমি রাজনীতিবিদ হয়ে থাকতে চাই না, আমি মায়ের মতো প্রতিবাদী হয়েই থাকতে চাই।
নিজের ডান হাতের কবজিতে থাকা জগন্নাথ মন্দিরের লাল-হলুদ সুতোর দিকে তাকিয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমার হারানোর কিছু নেই। এই রায় বাংলার প্রতিটি মেয়ের জন্য আমার লড়াইয়ে নতুন অক্সিজেন জোগাবে।
উল্লেখ্য গত ২৪ এপ্রিল পানিহাটিতে জনসভায় মোদী মঞ্চে ডা. মৌমিতা দেবনাথের মা রত্না দেবনাথের হাত ধরে শুভেচ্ছা বিনিময় করেছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। এ নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ক্ষমতা যে কষ্টের সামনে নত হয়, তা খুবই বিরল দৃশ্য।



