মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলা শহরের একটি বাসায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে পাঁচ শতাধিক ইয়াবা বড়ি এবং ১০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তির পরিচয়
গ্রেফতার ব্যক্তির নাম আরাফাত রহমান (অভি)। তিনি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব, বর্তমানে বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক। আরাফাত রহমানের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (রনি) ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি।
ছাত্রদল নেতাদের প্রতিক্রিয়া
সানাউল্লাহ বলেন, ইয়াবাসহ গ্রেফতার হওয়া আরাফাত রহমান পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব ছিলেন। বর্তমানে তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক পদে আছেন। তার এমন অপকর্মের জন্য সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।
পুলিশের বক্তব্য
পাথরঘাটা থানা–পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ আরাফাত রহমানের বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৫১০টি ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আরাফাত রহমানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানা–পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাকে আদালতে তোলা হবে। পুলিশ কারও রাজনৈতিক পরিচয় দেখে না। গ্রেফতার ব্যক্তি একজন মাদক বিক্রেতা, এটাই তার বড় পরিচয়।



