ভোট মিটলেও ইভিএমের নিরাপত্তা নিয়ে সংশয়ের আশঙ্কায় বৃষ্টি উপেক্ষা করেই সিল করা ‘স্ট্রং রুম’ পাহারা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নিজের কেন্দ্র বালিগঞ্জের লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গিয়ে দীর্ঘ চার ঘণ্টা অবস্থান করেন তিনি।
এদিন নিজের কেন্দ্রের নির্বাচনী এজেন্টকে সাথে নিয়ে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, একটি নির্দিষ্ট কেন্দ্রের স্ট্রং রুমের ভেতর নিয়ম বহির্ভূতভাবে বহিরাগতদের যাতায়াত নিয়ে অভিযোগ ওঠার পরেই তিনি নিজে মাঠে নামার সিদ্ধান্ত নেন।
পরিদর্শনের আগে এক ভিডিও বার্তায় দলীয় কর্মীদের স্ট্রং রুমের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের এজেন্ট গ্রেপ্তার হয়েছে, অনেক কিছু একপেশে হচ্ছে। এরপরও যদি কেউ ইভিএম মেশিনে কারচুপি বা গণনা চুরির চেষ্টা করে, তবে আমরা জীবন-মরণ লড়াইয়ে নামবো।’
আগামী ৪ মে ভোট গণনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ এখন উত্তপ্ত অবস্থায় রয়েছে। নির্বাচন কমিশনের কাছে ইভিএম নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



