যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে জাতীয় সংসদে আলোচনা করতে না দেওয়ায় নিন্দা এবং ক্ষোভ জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একইসঙ্গে বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন শেষ হওয়ার আগেই এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে বাতিলের জন্য সরকার ও সকল সংসদ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।
বিবৃতিতে যা বলা হয়েছে
বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট এই দাবি জানায়। বাসদ সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনের সই করা বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনার জন্য স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা পয়েন্ট অব অর্ডারে আলোচনার প্রস্তাব করলেও বিধির অজুহাতে তাকে কথা বলতে দেওয়া হয়নি। সংসদে অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে সময় নষ্ট ও অর্থের অপচয় করা হচ্ছে। অথচ, জাতীয় গুরুত্বপূর্ণ এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।
অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নেই
বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার একটি অনির্বাচিত সরকার। তার এ ধরনের আন্তর্জাতিক চুক্তি করার কোনও এখতিয়ার নেই। এছাড়া মার্কিন ফেডারেল কোর্ট পাল্টা শুল্ক আরোপ করা অসাংবিধানিক ঘোষণা করেছে, যার সূত্র ধরে মালয়েশিয়া চুক্তি বাতিল করেছে এবং ভারত স্থগিত করেছে। ফলে বাংলাদেশের নির্বাচিত সরকার ও সংসদ এই বাণিজ্য চুক্তি বাতিলে যথাযথ পদক্ষেপ নেবে এটাই দেশবাসীর প্রত্যাশা।



