সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এখন কী করছেন
সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বর্তমান অবস্থা

৫ আগস্টের পটপরিবর্তনের পর নানা কারণে আলোচিত হন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সরকারে থাকলেও দেশের সমসাময়িক বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করতেন তিনি। ফেসবুকে সময়ে-অসময়ে তার বিস্ফোরক স্ট্যাটাসে উত্তপ্ত হয়ে উঠতো রাজনৈতিক অঙ্গন।

জুলাই আন্দোলন থেকে উত্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জুলাই আন্দোলন থেকে তার উত্থান হয়। তখন তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য। পরে জুলাইয়ের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। এতে প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী এবং পরবর্তীকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাইয়ে তিনি নেপথ্যে থেকে আন্দোলন করেছেন বলে আলোচনা আছে। অনেকে তাকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবেও অভিহিত করেন।

জাতিসংঘে মাস্টারমাইন্ড পরিচয়

২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু বিল ক্লিনটনের সঙ্গে মাহফুজ আলমকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন। অবশ্য পরবর্তী সময়ে নিজেকে ‘মাস্টারমাইন্ড’ নন বলে ব্যাখ্যা করেন মাহফুজ আলম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকার ছাড়া ও নির্বাচন না করা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস আগে গত ১০ ডিসেম্বর তিনি সরকার থেকে পদত্যাগ করেন। তখন রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন। অথবা এনসিপি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে শেষ পর্যন্ত তিনি কোনও দলে যোগ দেননি বা নির্বাচনে অংশগ্রহণ করেননি। নির্বাচনের পর ‘অল্টারনেটিভস’ নামে তিনি নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। দুই-একবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেখা গেলেও তেমন কার্যক্রম নেই এই সংগঠনটির। মাহফুজ আলম নিজেও অনেকটা অন্তরালে চলে গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অল্টারনেটিভস গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাহফুজ আলমের নেতৃত্বে গঠন করা হয় নতুন রাজনৈতিক দল ‘অল্টারনেটিভস’। এনসিপি ছেড়ে আসা অনেকেই এই দলে রয়েছেন। রাজনীতিতে দেশের তরুণদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারা দেশের ছাত্র-নাগরিকদের পুনর্গঠনের লক্ষ্য নিয়ে ‘অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি’ গঠন করা হয়। গত ৬ মার্চ রাতে যাত্রা করা ১৭ সদস্যের এই কমিটির নাম বাংলায় ঘোষণা করা হয় জাতীয় সাংগঠনিক কমিটি। এই কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সাবেক নেতাও রয়েছেন।

কমিটির সদস্যবৃন্দ

জাতীয় সাংগঠনিক কমিটিতে মাহফুজ আলম ছাড়াও অন্য সংগঠকরা হলেন—আহমেদ ইবনে আরিফ (অনি), ইমান সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, তাজনূভা জাবীন, দুর্জয় দাশগুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী। তবে মাহফুজ আলমের নেতৃত্বে যাত্রা শুরু হলেও দুই-একটি অনুষ্ঠানের বাইরে তাদের চোখে পড়ার মতো কোনও কর্মসূচি নেই।

বর্তমান কার্যক্রম

রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও নিজের তত্ত্বাবধানে লাইসেন্স পাওয়া দুটি স্যাটেলাইট টেলিভিশন ‘লাইভ টিভি’ এবং ‘নেক্সট টিভি’-কে সামনে আনার কাজ করছেন মাহফুজ আলম। নাম প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও ভিন্ন কথা বলেছেন মাহফুজ আলমের প্রতিষ্ঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সিনিয়র নেত্রী ডা. তাজনূভা জাবীন। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, মাহফুজ আলম তার নিজের সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন। সারা দেশের সংগঠকদের খোঁজ-খবর রাখছেন। তিনি অবশ্যই রাজনীতিতে আরও সক্রিয় হবেন।

জুলাইয়ের শক্তি হিসেবে মাহফুজ আলম এনসিপির সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বাংলা ট্রিবিউনকে বলেন, “আমাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। শুনেছি তিনি তার রাজনৈতিক প্ল্যাটফর্মের কার্যক্রম চালাচ্ছেন। তবে এখনই আমাদের সঙ্গে কাজ করবেন কিনা, তা বলতে পারছি না।” এখন কী করছেন জানতে মাহফুজ আলমের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।