ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, যারা জুলাই শহীদদের সাথে প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির উদ্দেশ্যে কঠোর বার্তা
সাদিক কায়েম বিএনপির সমালোচনা করে বলেন, 'আজকে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, নির্বাচনের পর যে সরকার এসেছে, তারা আজ জুলাইকে অস্বীকার করছে। আমরা সেই দলের ইতিহাসে বারবার দেখেছি- তারা এই জাতির সাথে প্রতারণা করেছে।' তিনি আরও উল্লেখ করেন, ১৯৭৫-এর বিপ্লব, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪শে জুলাইয়ের বিপ্লব- সব ক্ষেত্রেই তারা বিপ্লবীদের সাথে প্রতারণা করেছে।
ছাত্রদলের সমালোচনা
ডাকসু ভিপি ছাত্রদলের উদ্দেশ্যে বলেন, 'ওই দল আজ পাগল হয়ে গেছে। আজ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়। তারা আবার গেস্টরুম ও গণরুম কালচার ফিরিয়ে আনতে চায়। তারা আবার অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে শিক্ষার্থীদের আতঙ্কিত করে তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।' তিনি অভিযোগ করেন, প্রকাশ্যে রাজনীতির নামে তারা রামদা-চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে শিক্ষার্থীদের উপর কুপিয়ে তাদের রাজনীতি কায়েম করতে চায়।
প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সাদিক কায়েম বলেন, 'আপনি যদি মনে করেন ক্ষমতায় এসে যা ইচ্ছে তাই করবেন- জুলাই সনদ বাতিল করবেন, গণভোট অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গণপ্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি আরেকজন হাসিনা হয়ে উঠবেন- তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না।'
সাদিক কায়েম আরও বলেন, 'যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, যারা শহীদদের সাথে প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। যে জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইনসাফ কায়েম হবেই, ইনশাআল্লাহ।'



