জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত প্রার্থী ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের হাতে ফুল দিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দলটিতে যোগদান করেন তিনি।
অন্যান্য যোগদানকারী
এছাড়াও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটিতে যোগ দেন শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা। আরও যোগ দেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও এক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
দায়িত্ব সম্ভাবনা
দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন ইসহাক সরকার। বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ সরে দাঁড়াচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিতি
যোগদান অনুষ্ঠানে আরও ছিলেন– এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।



