জামায়াতের সমাবেশে শিবির-ছাত্রদল সংঘাত ও জুলাই সনদ দাবি
জামায়াতের সমাবেশে শিবির-ছাত্রদল সংঘাত ও জুলাই সনদ দাবি

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর সমাবেশে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার সংকট নিয়ে সংসদে সমঝোতার কথা বলে সারা দেশে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে। আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কের একটি অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিবিরের ওপর হামলার অভিযোগ

গোলাম পরওয়ার বলেন, ‘ডাকসুতে ৩০ হাজার ছাত্রের ভোটে নির্বাচিত নেতাদের ওপর ছাত্রদল হায়েনার মতো আক্রমণ করে নির্যাতন করেছে। চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা, ঈশ্বরদীতে ছাত্রদল শিবিরের ওপর নৃশংস হামলা চালিয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘শিবিরের বিরুদ্ধে মিথ্যা ফটোকার্ড, অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’

গুপ্ত শব্দের পাল্টা জবাব

জামায়াতের এই নেতা বলেন, ‘আপনারা শিবিরকে গুপ্ত বলেন? শিবির গুপ্ত নয়। যাঁরা ১৭ বছর পর বাইরে থেকে দেশে ফিরেছেন, তাঁরাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে যিনি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, তিনিই গুপ্ত। যারা ১৭ বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি, তারাই গুপ্ত।’ তিনি দাবি করেন, ‘শিবিরকে গুপ্ত বা রগকাটা বলে অপপ্রচার চালালেও দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জুলাই সনদ বাস্তবায়নের দাবি

গোলাম পরওয়ার বলেন, সরকার ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা জুলাই সনদে স্বাক্ষর করেও সেটির বাস্তবায়ন নিয়ে সংকট তৈরি করেছে। রাজনৈতিক সংকট ও আবার রক্ত ঝরার দিন থেকে দেশকে বাঁচাতে চাইলে জুলাই সনদকে সাংবিধানিক আইন হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। ‘যতক্ষণ তা না হবে, ততক্ষণ আমাদের সংগ্রাম সংসদ ও রাজপথে চলবে,’ বলেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের তদন্ত দাবি

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, সাবেক এক প্রভাবশালী উপদেষ্টা নিজেই গণমাধ্যমকে এ কথা বলেছেন। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জুডিশিয়ারি তদন্ত দাবি করেন।

বিদ্যুৎসংকটে সহযোগিতার অঙ্গীকার

দেশের বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনে সরকারের সঙ্গে বিরোধী দল একাত্ম হয়ে কাজ করবে বলে জানিয়েছেন গোলাম পরওয়ার। তিনি ২৫ এপ্রিল দেশের সব মহানগর ও ২ মে সব জেলা শহরে ১১–দলীয় জোটের ব্যানারে গণমিছিলে যোগ দেওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত নেতারা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। জেলা জামায়াতের আমির সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব প্রমুখ।