সাংবাদিকদের রাজনীতি করার প্রয়োজন নেই: প্রিন্স
সাংবাদিকদের রাজনীতি করার প্রয়োজন নেই: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সাংবাদিকদের রাজনীতি করার প্রয়োজন নেই। তাদের কাজ হলো নতুন উদ্ভাবিত বিষয়গুলো খুঁজে বের করে জনগণের দৃষ্টি আকর্ষণ করা। সাংবাদিকরা যদি নিজ নিজ কাজ সঠিকভাবে করেন, তাহলে সমাজ, রাজনীতি ও রাষ্ট্র উপকৃত হবে।

গৌরীপুর প্রেস ক্লাবে সংবর্ধনা সভায় বক্তব্য

বুধবার (১০ জুন) গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, সাংবাদিকদের রাজনৈতিক সচেতন হতে হবে, তবে রাজনীতির ভেতরে ঢুকে পড়ার প্রয়োজন নেই। সাংবাদিকদের মান ধরে রাখতে হবে। সমাজের চোখ হলো সাংবাদিক, তারা সমাজের দর্পণ। সেই দৃষ্টিকোণ থেকে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং সমাজ, রাষ্ট্র ও রাজনীতির উন্নতি হবে।

অপরাজনীতি ও দুর্বৃত্তায়নের সমালোচনা

তিনি আরও বলেন, বিগত ১৫-১৬ বছর যা হয়েছে, তা রাজনীতি নয়, বরং অপরাজনীতি। রাজনীতিতে দুর্বৃত্তায়ন করা হয়েছে। এর প্রভাব নেতাকর্মীদের ওপর পড়েছে। তারা মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের ব্যবসা, বাণিজ্য, চাকরি নেই; চাকরি করার বয়সও নেই। তাদের কর্ম করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে বেকার থাকার কোনো সুযোগ নেই। কর্ম করতে হবে বৈধ পথে, অবৈধ বা অনৈতিক পথে পা বাড়ানো যাবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্যাসিবাদী আমলের প্রসঙ্গ

প্রিন্স বলেন, ফ্যাসিবাদী আমলে অনেকেই আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। আমাদের মধ্যেও কারও কারও এমন প্রবণতা থাকতে পারে, তবে সেই পথে চলা যাবে না। সাংবাদিকদের এ দিকেও নজর রাখতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবর্ধনা সভার আয়োজন

গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আগমন উপলক্ষ্যে এ সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন ও সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন।

অন্যান্য অতিথিবৃন্দ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, শাহজাহান কবীর হিরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল ইসলাম (ভিপি শামছু), সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, সহ-সম্পাদক শোয়েব মুনশী, পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।